বাসস
  ৩০ জুন ২০২৬, ১৭:৪৪

সাতক্ষীরায় বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

সাতক্ষীরা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

জেলার সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারসহ উপকারভোগী কৃষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার, লেবু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড-শাকসবজি (কলমি শাক, লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা, মিষ্টি কুমড়া) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করা হয়। 

এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ৬ হাজার নারিকেলের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়।