বাসস
  ৩০ জুন ২০২৬, ১৬:৫৮

মাগুরা জেলা পরিষদের উন্নয়নে ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপন কর হয়। ছবি: বাসস

মাগুরা, ৩০ জুন ২০২৬ (বাসস) : মাগুরা জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত এই বাজেটে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ আজ সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ঘোষিত এই বাজেট গত অর্থবছরের তুলনায় ২ কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৭১০ টাকা ৩২ পয়সা কম।

বাজেট অধিবেশনে জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ বলেন, ‘এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে মাগুরা জেলার সামগ্রিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। আমরা নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনসম্পৃক্ত ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়েছি।’

তিনি বলেন, জেলা পরিষদ কেবল অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নেও কার্যকর ও দীর্ঘমেয়াদি ভূমিকা পালন করবে।

এই অধিবেশনে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্য বক্তারা প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন। যথাযথ পরিকল্পনা অনুযায়ী এই বাজেট বাস্তবায়িত হলে জেলার নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।