শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, পুরাতন ধ্যান ধারণা পরিহার করে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট রয়েছে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
এ সময় আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘দেশের শতকরা ৩৪ শতাংশ হচ্ছে শিশু। এ শিশুদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।’
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।
শিশু হাসপাতালে ভর্তিকৃত ৪০ জন জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন মন্ত্রী।