শিরোনাম

রাজবাড়ী, ৩০ জুন ২০২৬ (বাসস) : জাতীয় মহিলা সংস্থার এক উঠান বৈঠক জেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নারীর প্রজনন, মানসিক স্বাস্থ্য সবল ও কর্মক্ষম রাখতে সহায়তা বৃদ্ধি’ বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ীর চেয়ারম্যান আফরোজা পারভীন বলেন, আমাদের সাংসারিক জীবনে কাজের ব্যস্ততার কারণে আমরা আমাদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন সচেতনতা, শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভুলে যাই। সুষম খাদ্যের অভাবে আমাদের মায়েরা নানা শারীরিক জটিলতায় ভোগেন। সুষম খাদ্য বলতে শাক, সবজি, মাছ ও মাংসের সঠিক পরিমাণ বোঝায়। মাছ, মাংস, ডিম ও দুধ খেলে প্রোটিনের ঘাটতি দূর হবে। তবে ভিটামিনের চাহিদা পূরণ করতে শাক সবজির বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের শরীরে প্রোটিনের পাশাপাশি ভিটামিনের অনেক চাহিদা রয়েছে। আমরা অনেকেই জানি না ফার্স্ট ফুড আমাদের শরীরে হরমোনালসহ বন্ধ্যাত্ব সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে।
তিনি প্রত্যেক মাকে সন্তানের মাদক আসক্তির ব্যাপারে বিশেষ নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আপনার অজান্তে কোনো সদস্য মাদক নিচ্ছে কিনা তাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। মাদক ও তামাক প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, একজন নারীকে জীবনে তিনটি ধাপ পার হতে হয়। কৈশোর, যৌবন ও বার্ধক্য। আমাদের সন্তান আমাদের সম্পদ।
তাদের সমস্যা আমাদের শুনতে হবে। মেয়ে বড় হলে অনেক সময় তাদের স্বাস্থ্য সমস্যা বলতে চায়না। তার সমস্যা শুনে তাকে সমাধানের পথ দেখাতে হবে।
উঠান বৈঠকে সদর উপজেলার ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।