বাসস
  ৩০ জুন ২০২৬, ১৩:২৬

শিবচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর, ৩০ জুন ২০২৬ (বাসস): জেলার শিবচরে অভিযান চালিয়ে ১ হাজার ১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সকালে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সাথে জড়িত বলে স্থানীয়দের দাবী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের একটি টিম সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আটককৃত সিদ্দিক বেপারীর দেয়া তথ্য অনুযায়ী, নিজ বাড়ির মধ্যে মাটিতে গর্ত করে রাখা ১ হাজার ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে সিদ্দিক মাদক ব্যবসায়ের সাথে জড়িত। গ্রামবাসী একাধিকবার সতর্ক করলেও সে মাদক ব্যবসা থেকে ফিরে আসেনি। তার বাড়িতে ইয়াবা আনা হয়েছে জানতে পেরে আজ পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। বাড়িতে গর্ত করে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ‘ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অনেক দিন ধরেই মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।