শিরোনাম

মাদারীপুর, ৩০ জুন, ২০২৬ (বাসস) : জেলার ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রজননের উপযুক্ত সময় হলেও এ সময়ে চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়ে যাওয়ায় ছোট-বড় সব ধরনের মাছ, মাছের পোনা ও ডিম ধরা পড়ছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান না থাকায় অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এরফলে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, জাল জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বাসস’কে বলেন, জনবল ও অর্থের সীমাবদ্ধতার কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।