শিরোনাম

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ (সোমবার) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন এদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে পাপেট বা পুতুলনাচ শিল্পকে তিনি আন্তর্জাতিক মানে উন্নীত করেছিলেন। তাঁর হাত ধরেই এই শিল্পটি বাংলাদেশে আধুনিক রূপ লাভ করে।
ইয়াসের খান দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই মহান শিল্পীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মুস্তফা মনোয়ারের নেতৃত্ব ও সৃজনশীল ভূমিকা দেশের প্রচারমাধ্যমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
বিশেষ করে বিটিভিতে তাঁর অনন্য সৃষ্টি কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। গণমাধ্যমের বিকাশ এবং নতুন প্রতিভা অন্বেষণে তাঁর এই দূরদর্শী উদ্যোগগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মুস্তাফা মনোয়ারের চিরবিদায় দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তাঁর বহুমাত্রিক শিল্পকর্ম এবং অবদান বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।