বাসস
  ২৮ জুন ২০২৬, ২১:০৫

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী দেশীয় ফলের মেলা শুরু  

ছবি : বাসস

মৌলভীবাজার, ২৮ জুন, ২০২৬ (বাসস) : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশি ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা’ উদযাপন করা হচ্ছে। 

আজ রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক রুবেল আহমদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ।

মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস, কামরাঙ্গা, কলা ও জামসহ নানা ধরনের দেশীয়, মৌসুমি ও অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত জাতের ফলের চারা বিতরণ এবং লাভজনক বাণিজ্যিক ফল চাষের বৈজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান করা হয়। 

জেলার বিভিন্ন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিতভাবে ফল মেলার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার আয়োজন করে থাকে।