শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও এয়ারএশিয়া বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদার, জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধান করেছে। আলোচনায় স্বল্পমূল্যের বিমান পরিষেবা পরিচালনা, বিমানবন্দর দক্ষতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন এবং বিমান রক্ষণাবেক্ষণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এয়ারএশিয়া গ্রুপের সদর দপ্তর রেডকিউ-তে অনুষ্ঠিত বৈঠকে এ আলোচনা হয়। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী বো লিংগাম বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং গ্রুপের ব্যবসায়িক মডেল, কার্যক্রমের সেরা অনুশীলন ও বিমান খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমাদের অভিজ্ঞতা বিনিময় দুই বাজারের মধ্যে জ্ঞান ভাগাভাগি ও প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ তৈরি করবে।
বৈঠকে স্বল্পমূল্যের বিমান পরিষেবা (এলসিসি) মডেল, নেটওয়ার্ক ও বহর কৌশল, বিমানবন্দর দক্ষতা, দ্রুত বিমান টার্নঅ্যারাউন্ড এবং পরিচালন ব্যয় কমানোর মাধ্যমে বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার বিষয়গুলো আলোচিত হয়।
বাংলাদেশ প্রতিনিধি দল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-২ পরিদর্শন করে। সেখানে তারা স্বয়ংক্রিয় যাত্রী সেবা, ডিজিটাল ব্যাগেজ সিস্টেম এবং যাত্রী প্রবাহ ও বিমান ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রযুক্তি প্রত্যক্ষ করেন।
এছাড়া তারা এশিয়া ডিজিটাল ইঞ্জিনিয়ারিং (এডিই)-এর অত্যাধুনিক ১৪-লাইন রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা পরিদর্শন করেন। আধুনিক বিমান রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে বহরের নির্ভরযোগ্যতা ও কর্মক্ষমতা বৃদ্ধির বিষয়ে ধারণা লাভ করেন।
সফরের শেষে ক্যাপিটাল এ সিইও টনি ফার্নান্দেস প্রতিমন্ত্রী মিল্লাত ও আশিক মাহমুদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিমান খাত, পর্যটন ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
সফরটি দুই পক্ষের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা অগ্রসর করার যৌথ আগ্রহকে প্রতিফলিত করেছে।