শিরোনাম

সাতক্ষীরা, ২৮ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হঠাৎগঞ্জ নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ ৭০ হাজার পাঁচশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।