শিরোনাম

ময়মনসিংহ, ২৮ জুন, ২০২৬ (বাসস): ময়মনসিংহ জেলা পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
আজ বিকেলে জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় আগামী অর্থবছরের এই বাজেট ঘোষণা করা হয়।
এ সময় জেলা পরিষদের উপস্থিত কর্মকর্তারা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বাজেট উপস্থাপন ও আলোচনা করেন। এরপর ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সঞ্চালনায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।