শিরোনাম

রাঙ্গামাটি, ২৮ জুন ২০২৬ (বাসস): জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল পরিমান সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সকালে বরকল উপজেলার ছোট হরিণায় বিজিবি’র ছোটহরিণা ব্যটালিয়নের (১২ বিজিবি) অভিযানকালে এসব সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) আওতাধীন বাজারঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একহাজার আটশ’ কেজি ইউরিয়া সার, চারশ’ কেজি টি এস পি সার এবং একহাজার ৩৫০ কেজি জৈব সার জব্দ করা হয়। জব্দকৃত এসব সারের আনুমানিক মূল্য একলাখ ৫১ হাজার টাকা।
এ বিষয়ে ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবি’র নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।