শিরোনাম

ঢাকা, ২৬ জুন, ২০২৬(বাসস) : ‘ফলজ ও বনজ বৃক্ষে সমৃদ্ধ করি পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা, সেশন ১৯৯৫-৯৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াছ আল-মামুন, ডুফার সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু রাফি উপস্থিত ছিলেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, যথাযথ পরিচর্যার মাধ্যমে গাছের বেঁচে থাকার হার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিচর্যার সক্ষমতা বিবেচনায় রেখে বৃক্ষরোপণের পরিসর ও সংখ্যা নির্ধারণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে ফলজ ও বনজ বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা, খাদ্য ও প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় দেশীয় বৃক্ষপ্রজাতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
পরে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ সংলগ্ন লনে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণেও একটি গাছের চারা রোপণ করা হয়।