শিরোনাম

লালমনিরহাট, ২৬ জুন, ২০২৬ (বাসস) : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে মিশন মোড়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহা. রাশেদুল হক বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম মনিনুল হক বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিঞা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।