শিরোনাম

লক্ষ্মীপুর, ২৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত শাহীনুর বেগমের ছেলে শিফাত হোসেন।
শুক্রবার দুপুরে শিফাত হোসেন বাদী হয়ে রায়পুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় হত্যকারী অন্তর মজুমদার ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া। তিনি বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এরসাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা আমির হোসেন মাস্টারের বাসায় ঢুকে অন্তর মজুমদার নামে এক যুবক শাহীনুর বেগম ও তার মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে শাহীনুর বেগম (৪০) ও বড় মেয়ে কলেজ শিক্ষার্থী সায়মা আক্তার (১৮) মারা যান। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান শিফা আক্তার(৯)। গুরুতর আহত অপর কলেজ শিক্ষার্থী ইকরা আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান। এছাড়া ঘাতক অন্তর মজুমদারকে আটক করে গনধোলাই দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর মারা যান অন্তর। সে নোয়াখালী সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। তিনি রায়পুরের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী ছিলেন।