শিরোনাম

মাদারীপুর, ২৬ জুন ২০২৬ (বাসস): জেলার কুমার নদের ওপর তরমুগুরিয়া জিপিএস-লক্ষ্মীগঞ্জ-নতুন মাদারীপুর-চরমুগুরিয়া সড়কে নির্মিতব্য সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান আজ সকালে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে কমপক্ষে পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, নির্বাচনের আগে সরকার রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই সেতু নির্মাণ তারই ধারাবাহিকতার অংশ। রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সেতুটি নির্মিত হলে তরমুগুরিয়া, লক্ষ্মীগঞ্জ, নতুন মাদারীপুর, চরমুগুরিয়াসহ আশপাশের অন্তত পাঁচ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এমপি আরও বলেন, মানব পাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। এসব অপরাধ প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৫ মিটার দীর্ঘ এবং ৭৫ মিটার স্টিল আর্চ পিএসসি গার্ডার সেতুটি ৩৮ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির প্রকৌশলী বাদল কীর্তনীয়া, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।