শিরোনাম

পটুয়াখালী, ২৬ জুন ২০২৬ (বাসস): জেলার কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজের দুই দিন পর শাহবুদ্দিন মাঝি (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে মরদেহটি নিখোঁজ জেলে শাহবুদ্দিন মাঝির বলে শনাক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ জুন সকালে মাছ ধরার উদ্দেশ্যে একটি ফাইবার বোট নিয়ে পাঁচ সহকর্মীকে সঙ্গে করে বঙ্গোপসাগরে যান শাহবুদ্দিন মাঝি। সকাল আনুমানিক ১০টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তিনি ট্রলার থেকে ছিটকে সাগরে পড়ে নিখোঁজ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।
নিহত শাহবুদ্দিন মাঝির বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকায়। তিনি মৃত আমির হোসেনের পুত্র। জীবিকার তাগিদে তিনি ধুলাসার এলাকার জালাল বিশ্বাসের মালিকানাধীন একটি ফাইবার বোটে মাঝি হিসেবে কর্মরত ছিলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, শাহবুদ্দিন মাঝিসহ ছয়জন জেলে ওইদিন দৈনিক মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন। দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।