শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৬ জুন ২০২৬ ( বাসস ): মুন্সীগঞ্জ জেলা পুলিশ গত ছয় মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক ব্যবসার সাথে জড়িত ৭৬৬ জনকে গ্রেফতার করেছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে গত ছয় মাসে ৪৩ হাজার ১১৩ পিস ইয়াবা, ৭১ কেজি ৮৮৩ গ্রাম গাঁজা, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৪ বোতল ফেনসিডিল, ৬২ গ্রাম আইস, ৩১ লিটার বিদেশি মদ, ৩১৫ ক্যান বিয়ার এবং ১২ টি গাঁজা গাছ উদ্ধার করেছে।
এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭৬৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ৫৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, লৌহজংয়ের বেদে পল্লি মাদক স্পট হিসেবে গড়ে উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বাসসকে বলেন, মাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশ কঠোর অবস্থানে আছে। মাদক নিয়ন্ত্রণে জেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। মাদকের সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।