বাসস
  ২৫ জুন ২০২৬, ২১:০৮

‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট’ র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : বিশ্বখ্যাত ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রকাশিত ‘ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬’-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই সঙ্গে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৪০১-৬০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে, যা দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণা খাতের জন্য একটি বড় মাইলফলক।

টাইমস হায়ার এডুকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল এই বার্ষিক বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক মূল্যায়ন করা হয়। এই তালিকায় বাংলাদেশের মোট ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বের ৮২তম অবস্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ৬৬তম। 

অন্যদিকে, এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮ দশমিক ৫ থেকে ৭৪ দশমিক ৫ স্কোর পেয়ে বৈশ্বিক ১০১-২০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত বছর যেখানে গাকৃবির বৈশ্বিক অবস্থান ছিল  ৮০১- ১০০০ ব্যান্ডে, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে ৪০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে উন্নীত হওয়া প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের বড় প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়টি টিএইচই র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সামগ্রিকভাবে শীর্ষস্থান লাভ করেছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশ কয়েকটি গৌরবজনক স্বীকৃতি পেয়েছে। এটি ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন ২০২৬’-এর ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন ট্রান্সফার টেকনোলজি’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। পাশাপাশি, ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬’-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 

এই যুগান্তকারী অর্জনের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সাফল্য শুধু একটি সাধারণ র‌্যাঙ্কিংয়ের অর্জন নয়, এটি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি।’