শিরোনাম

খুলনা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লাইব্রেরি কার্ড ও কুয়েট ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী এ সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কুয়েটকে আমরা একটি শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করছি। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘কুয়েটকে দেশের অন্যতম শ্রেষ্ঠ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তোমাদের অর্জিত জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন দেশের উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশেষ অতিথি ছিলেন বিআইটি, খুলনার সাবেক পরিচালক প্রফেসর এম. এ. হান্নান, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। এছাড়া বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, নৈতিকতা, জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে কুয়েটের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রফেসর এম. এ. হান্নানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পরে ভাইস-চ্যান্সেলর তিনজন নবীন শিক্ষার্থীর হাতে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও কুয়েট ই-মেইল আইডি প্রদান করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এ ডিজিটাল ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক আইডি থাকবে, যার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের ই-মেইল, একাডেমিক নিবন্ধন, বিভিন্ন ফি ও অন্যান্য পেমেন্ট, হল ব্যবস্থাপনা, লাইব্রেরি সেবা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম একক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে পারবে।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের শিক্ষার্থী আফিফ আদনান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রাঞ্জল ধর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইয়ারা ইসলাম নিপুন।
তারা কুয়েটে অধ্যয়নের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।