বাসস
  ২৫ জুন ২০২৬, ১৯:৩০

দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের নির্দেশ

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশের সকল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত রোপণকৃত গাছের সার্বিক তথ্য আগামী ৩০ জুনের মধ্যে বোর্ডে পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে।

আজ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কারিগরি শিক্ষা বোর্ড এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের তারিখ (১৭ ফেব্রুয়ারি থেকে গত ২৪ মে পর্যন্ত) থেকে যতসংখ্যক বৃক্ষরোপণ করা হয়েছে, তার সুনির্দিষ্ট বিবরণী একটি বিশেষ ছক মোতাবেক আগামী ৩০ জুনের মধ্যে ([email protected]) ই-মেইলে পাঠাতে হবে।

নির্ধারিত ওই ছকে বৃক্ষরোপণের জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নাম, গাছের প্রজাতির নাম, সংখ্যা ও তারিখের পাশাপাশি সুনির্দিষ্ট এলাকার জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট, পরিচর্যাকারী ও মনিটরিং অফিসারের নাম ও ফোন নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।

এর আগে গত ২ জুন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সমন্বয় শাখা থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতাভুক্ত হওয়ার লক্ষ্যে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।