শিরোনাম

নড়াইল, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার ৩ উপজেলায় ৯৯ হাজার ৭২৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সিভিল সার্জন বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর
নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেয়া হয়।
এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
আগামী ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১০২০টি কেন্দ্রে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জেলায় ৬ থেকে ১১মাস বয়সী ১১ হাজার ৮৪৪ শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮ শ’ ৮২ শিশুকে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২শ’ ৫০জন কর্মী এবং ১শ’ ২০ জন সুপারভাইজার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৩ উপজেলার ৩৯ টি ইউনিয়নের এবং তিনটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী, মেডিকেল টেকনোলজিস্ট দুলাল চন্দ্র গাইন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান মোল্যা, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।