শিরোনাম

চট্টগ্রাম, ২৫ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫৭ টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই পরিবর্তনের যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২), চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫), আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) এবং সাইফুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর মনিকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের নন্দনকানন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মূলহোতা সোহেল উদ্দিনসহ বাকি চারজনকে আটক করা হয়।