শিরোনাম

পটুয়াখালী, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ শাহিন হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি বিশেষ দল দুমকি থানার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে ইয়াবাসহ ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত নগদ অর্থ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধ এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।