শিরোনাম

পঞ্চগড়, ২৫ জুন, ২০২৬, (বাসস): ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে যৌথভাবে এই মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিস।
মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
ফল মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
পরে জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অতিথিরা প্রতিদিন অন্তত ২৫-৩০ গ্রাম ফল খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেশীয় ফলে অতিরিক্ত ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যা মানব দেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ।
সবাই যদি একটি করে ফলজ গাছ লাগানো যায় তাহলে দেশের ফলের চাহিদা মিটবে। কেননা প্রতিবছর আপেল, কমলা, আঙ্গুর, মাল্টাসহ ১০ হাজার কোটি টাকার ফল বিদেশ থেকে আমদানি করা হয়।
যদি দেশীয় ফলে আমরা নির্ভরশীল হই তাহলে দেশের প্রচুর টাকা সাশ্রয়ের পাশাপাশি নিজেদের পুষ্টি চাহিদা পূরণ হবে।
মেলার ১৩টি স্টলে ফল ও কৃষি প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করেন।