শিরোনাম

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস): দেশের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়সসীমা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির ন্যূনতম বয়স ১৩ বছর পরিবর্তন করে ১২ বছর নির্ধারণ করা হয়েছে।
আজ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের গত ২৩ মে প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের মূল রেজিস্ট্রেশন কার্যক্রমের বিজ্ঞপ্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়সের যোগ্যতা গত বছরের ৩১ ডিসেম্বর ন্যূনতম ১৩ বছর নির্ধারণ করা হয়েছিল। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তা সংশোধন করে এখন ১২ বছর করা হলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের এই সংশোধন ব্যতীত পূর্বের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।