বাসস
  ২৫ জুন ২০২৬, ১৭:০২

বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: বাসস

বাগেরহাট, ২৫ জুন ২০২৬ (বাসস): জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ একথা জাননো হয়। 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. মাহাবুব উল আলম। 

মেজবাহ উদ্দিন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা, অপুষ্টি, ডায়রিয়া, রক্তস্বল্পতা ও বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। তিনি ভিটামিন ‘এ’-এর চাহিদা পূরণে শিশুদের নিয়মিত খাদ্য তালিকায় দুধ, মাছ, ডিম, কলিজা, মাংস, গাজর, মিষ্টি আলু, লাল শাক, পাকা আম, কাঁঠাল ও পাকা পেঁপেসহ ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন।

সিভিল সার্জন ডা. মাহাবুব উল আলম বলেন, আগামী ২৮ জুন, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট  ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অতিরিক্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রাশেদুল বশির খান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র বাগেরহাট জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন এবং সাংবাদিক মোল্লা আব্দুর রব।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।