শিরোনাম

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আগামী ৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আগামী ৬ জুলাই থেকে ২ নভেম্বর পর্যন্ত চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর প্রশিক্ষণ শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদমর্যাদার প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের (মাতৃত্বকালীন ছুটিতে থাকা প্রশিক্ষণার্থী ব্যতীত) তথ্য আগামী ২৬ জুনের মধ্যে নির্ধারিত গুগল লিঙ্ক (https://forms.gle/NTPzwg55bJqkZrjQA) ফর্মে বাংলায় পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে পূর্বের ডাটা বা প্রোগ্রাম ডিলিট হয়ে যাওয়ায় ইতোপূর্বে যারা আবেদন করেছিলেন, তাদেরকে পুনরায় আবেদন করতে বলা হয়েছে।
দেশের সকল সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও প্রকল্প পরিচালকদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য আদেশে অনুরোধ জানানো হয়েছে।