শিরোনাম

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি এবং অবৈতনিক অধ্যয়নের সুযোগ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় আবেদন যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য, সংশ্লিষ্ট শাখার নাম এবং রাউটিং নম্বর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও ইউনিট থেকে প্রাপ্ত মোট ১ হাজার ৭৬০টি আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই শেষে মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের জন্য ১,৫২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ৫৩৩ জন মেধা বৃত্তি এবং ৯৯৫ জন অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা বৃত্তির আওতায় মোট ২৬১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫০ জন বৃত্তি এবং ১১ জন অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাবেন।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মেধা বৃত্তি ও প্রতিরক্ষা বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বৃত্তি শাখা থেকে ইতোমধ্যে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে প্রয়োজনীয় তথ্যছক পাঠানো হয়েছে।