শিরোনাম

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। একই সাথে অস্ট্রেলিয়া বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দিয়েছে।
আজ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেছেন। এসময় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এবং অন্যান্য আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ড সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রকৌশল অনুষদসহ বিভিন্ন আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টি জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ক্রমবর্ধমান অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান আরো সুদৃঢ় হচ্ছে। পরে অতিথিবৃন্দ সমুদ্রবিজ্ঞান বিভাগে এন্ট্রাক্টিক সায়েন্স এন্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্যানেল আলোচনায় অংশ নেন।