বাসস
  ২৪ জুন ২০২৬, ১৮:৫৯

সারের মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বিএসএস) : দেশের কৃষি খাতে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৬০ হাজার মেট্রিক টন সার আমদানি ও ক্রয়ের দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ।

আজ ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় এটি ২১তম লট (অপশনাল-৬ষ্ঠ)। প্রতি টনের মূল্য ৭১৩ মার্কিন ডলার হিসেবে এতে মোট ব্যয় হবে ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের আওতায় দেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের ১৬তম লট হিসেবে এই সার সংগ্রহে ব্যয় হবে ১৯৯ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ দশমিক ৭৫ মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুমোদিত সার আমদানি ও ক্রয়ের মাধ্যমে দেশের সার মজুত পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। 

সভায় সার সংক্রান্ত সিদ্ধান্ত ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ২০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদনের জন্য উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১০টি, বাণিজ্য মন্ত্রণালয়ের চারটি এবং কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং শিল্প মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব ছিল।