শিরোনাম

নেত্রকোণা, ২৪ জুন, ২০২৬ (বাসস): জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে ‘দুর্নীতি বিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এর ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নেত্রকোণার যৌথ আয়োজনে আজ বুধবার দিনব্যাপী জেলা শহরের নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সকল রাউন্ডে ক ও খ শাখায় জেলা শহরের মোট ১২ টি বিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি স্কুলের ৩২ জন, রচনায় ৪ টি স্কুলের ৩২ জন এবং চিত্রাঙ্কনে ৪ টি স্কুলের ২০ জন প্রতিযোগী অংশ নেয়।
এবারের প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বের বিতর্কের মূল বিষয় ছিলÑ ‘দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নেত্রকোণার সভাপতি দিলুয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের পরিচালক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার, সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন এবং নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবি উল্লাহ খান পাঠান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নেত্রকোণার সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. নাজমুল কবীর সরকার।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।