শিরোনাম

জয়পুরহাট, ২৪ জুন, ২০২৬ (বাসস): জেলায় ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এ প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা।
আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জয়পুরহাট আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম সাদিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান।
সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত নানাবিধ পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় বিভিন্ন ফলের স্টল ঘুরে দেখেন। অতিথিরা ফল চাষের আধুনিক প্রযুক্তি এবং বারো মাস ফল সংরক্ষণের বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন এবং সাধারণ মানুষকে বেশি করে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান।
মেলাটি স্থানীয় জনসাধারণের মাঝে ফল চাষ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।