বাসস
  ২৪ জুন ২০২৬, ১৬:১৭

ঝিনাইদহে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

ঝিনাইদহ, ২৪ জুন ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে কালিগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে ৮ নেতাকর্মীকে পুলিশ আটক করে ।

আজ সকালে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তবে আটকদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে বসেছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার জন্য নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে আটক করে।  ওই সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

ওই ঘটনার পরে পুলিশ আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের নামে মামলা দায়ের করে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।