শিরোনাম

নেত্রকোণা, ২৪ জুন, ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব আধুনিক কার্যক্রমের সুফল সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।
কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের অতিথিরা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।