শিরোনাম

সিলেট, ২৩ জুন ২০২৬ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি' উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম আজ সকাল ১১টায় এই ল্যাব উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাব বা সেন্টার অব এক্সেলেন্সের অধীনে স্থাপিত এই 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি' সাস্টের গবেষণা অবকাঠামোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ল্যাবটিতে ন্যানোটেকনোলজি, বায়োসেন্সিং এবং উন্নত জীবপ্রযুক্তি সংক্রান্ত মৌলিক ও ফলিত গবেষণার সুযোগ তৈরি হবে। যা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন এই ল্যাবরেটরির গবেষণা দল ও সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. অনিমেষ সরকার, অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ-আল-শোয়েব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সেন্টার অব এক্সেলেন্স-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।