শিরোনাম

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : ২০২৬-২৭ অর্থবছরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চলমান উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে নতুন শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আজ মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিম্ন মাধ্যমিক ভোকেশনাল/নিম্ন মাধ্যমিক দাখিল ভোকেশনাল (৬ষ্ঠ-অষ্টম শ্রেণি), এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালনাকারী যে সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অদ্যাবধি উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি বা ইতঃপূর্বে নাম লেখায়নি, কেবল তারাই এই চলমান কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
তবে যে সকল প্রতিষ্ঠান ইতোমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আদেশে বলা হয়, আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে উপবৃত্তি নির্দেশিকা-২০২৩ এর নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট ‘খ’) যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ২৫ জুন থেকে ৩০ জুলাইয়ের মধ্যে স্ব-স্ব আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে আবেদনের দুই প্রস্থ (হার্ডকপি) দাখিল করতে হবে।
আবেদনের সঙ্গে প্রতিষ্ঠান প্যাডে আলাদা আবেদনপত্র, ইআইএন কোড ও কারিগরি শিক্ষা বোর্ড প্রদত্ত প্রতিষ্ঠান কোডের প্রমাণক, পাঠদানের অনুমোদনের কপি এবং হালনাগাদকরণের কপি বা এফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণকসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করতে হবে।
আঞ্চলিক পরিচালকগণ প্রাপ্ত আবেদন ও নথিপত্রসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও মূল্যায়ন করে নিজস্ব মতামতসহ চূড়ান্ত তালিকার এক প্রস্থ হার্ডকপি আগামী ১০ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তর পাঠাবেন।
এতে আরও বলা হয়, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩’-এর সকল শর্ত ও নিয়মাবলি কঠোরভাবে প্রতিপালন করতে হবে এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।