শিরোনাম

টাঙ্গাইল, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘একবিংশ শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের ক্রমবর্ধমান প্রভাব, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিষয়ক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি বর্তমান বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, গবেষণা দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, স্মার্ট ও গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিল্পখাতে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে হবে।
সেমিনারে মূল বিষয়ের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (প্রেষণে) ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন এর সভাপতিত্বে বক্তব্য দেন, বিশ্ব বিদ্যালের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তাফা কামাল নাসির প্রমুখ।
আয়োজকরা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী শিক্ষা, অর্থনীতি, গণমাধ্যম, প্রশাসন ও কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। তাই সেমিনারটি শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও প্রযুক্তি বিষয়ে আগ্রহীদের জন্য জ্ঞান বিনিময় এবং নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।