শিরোনাম

নাটোর, ২৩ জুন, ২০২৬ (বাসস) : ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে জেলার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আজ দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও একুশে পদক বিজয়ী অধ্যাপক ড. আব্দুস সাত্তার।
সভায় ড. আব্দুস সাত্তার বলেন, স্বজনসহ অধীনস্তদের বিশ্বাসঘাতকতা, ব্রিটিশ বেনিয়াদের চতুরতা আর আতœভোলা জাতির সীমাহীন উদাসীনতায় পলাশী ট্রাজেডির সেই কলঙ্কময় দিনে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। রাষ্ট্রের প্রধানবর্গসহ নাগরিকদের অসচেতনায় বার বার পলাশীর ট্রাজেডি ফিরে আসতে পারে। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে দেশ প্রেমিক জনগণকে সেদিনের পরাজয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় প্রধান অতিথি আরো বলেন, দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার পাশাপাশি চলমান সময়ের করণীয় নির্ধারণে ইতিহাস চর্চার বিকল্প নেই। ঘসেটি বেগম ও রায় দুর্লভরা যুগে যুগে ফিরে আসে। তাই ইতিহাস চর্চার মাধ্যমে এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে মাতৃভূমিকে আধিপত্যবাদী চক্রের হাত থেকে রক্ষা করতে হবে।
প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. শামস্উদ্দিন, বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফীউল হাসান তীতু, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।