শিরোনাম

বাগেরহাট, ২২ জুন, ২০২৬, (বাসস): জেলার রামপালে আরও একটি সরকারি খালের বাঁধ অপসারণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সিংগড়বুনিয়া গ্রামের চামারখালী খালের বাঁধ অপসারণ করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
এলাকাবাসী জানান, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের কতিপয় দুস্কৃতিকারীর সহায়তায় ৩ মাস পূর্বে প্রবহমান চামারখালী খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেয়া হয়।
এরপরে সেখানে মাছ চাষ শুরু করে। এক পর্যায়ে গ্রামবাসীর পক্ষে বিএনপি নেতা মো. মহিদুল ইসলাম লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনেন।
এরপর প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনারকে বলেন। আদেশ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় বাঁধ অপসারণ করেন।
এ সময় তিনি বলেন, রামপালে প্রবহমান সরকারি রেকর্ডীয় খালে কেউ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রবহমান খাল ও নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর।
এখানকার সমাজসেবী সাংবাদিক সবুর রানা বাসসকে জানান, এই অবৈধ বাধ অপসারণের ফলে এলাকার সাধারণ কৃষকের জমিতে ধান, সবজিসহ বিভিন্ন জাতের ফল চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।