শিরোনাম

হবিগঞ্জ, ২২ জুন, ২০২৬, (বাসস): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জে পুলিশের প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় সদর মডেল থানার সামনে মহড়ার প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন, সমন্বিত অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যাচাই ও প্রস্তুতি নিশ্চিত করতেই এ মহড়ার আয়োজন করা হয়।
এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ স্বার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এ বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।