শিরোনাম

সুনামগঞ্জ, ২২ জুন, ২০২৬ (বাসস): চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, বিশ্বমানের উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সুনামগঞ্জে এক বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব’ শীর্ষক এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ ও স্থানীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলা।
শহর সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।
তিনি তার প্রবন্ধে বর্তমান যুগের প্রযুক্তিগত পরিবর্তন এবং এর সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরির বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল।
তিনি বলেন, ভবিষ্যত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের গতানুগতিক কর্মসংস্থানের বাইরে এসে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে। শহর সমাজসেবা কার্যালয়ের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে দক্ষ ও বিশ্বমানের উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, সমাজসেবা অফিসার (রেজিঃ) (অতিরিক্ত দায়িত্ব) বিলাল হোসেন।