শিরোনাম

সাতক্ষীরা, ২২ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও চিংড়ি মাছের রেণু পোনাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার সাতশ’ টাকা।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাঁকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া চৌরাস্তার মোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার দাঁতভাঙ্গা কলেজ নামক স্থান হতে ভারতীয় ঘুঘু পাখি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল শালবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।
জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার সাতশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।