শিরোনাম

খুলনা, ২২ জুন, ২০২৬ (বাসস) : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা ও টিআইবি’র সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সনাক-খুলনার পরিবেশ উপ-কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি গৌরাঙ্গ নন্দী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
এতে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার স্বাগত বক্তৃতা করেন।
এরপরই শুরু হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্রকৃতি-বান্ধব ও দুর্নীতিমুক্ত উদ্যোগ জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক’ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা শেষে দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন সনাক-খুলনার সহ-সভাপতি রীনা পারভীন।
অনুষ্ঠানে দিবসের উপর মূল আলোচনা করেন সনাক, খুলনার সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির।
সভায় এস এম ছায়েদুর রহমান বলেন, ‘দুর্নীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে পরিবেশ বিষয়ে আজকে যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, তা শিক্ষার্থীদের মনে দাগ কাটবে এবং তারা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পরে উপস্থিত শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করানো হয় এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর সকলের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে দুইশতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, সনাক, ইয়েস এবং এসিজি সদস্যরা অংশগ্রহণ করেন।