বাসস
  ২২ জুন ২০২৬, ১৯:৪৯

সিরাজগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে হাঁস বিতরণ 

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২২ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৬৪টি পরিবারের মধ্যে হাঁস বিতরণ করেছে প্রাণিসম্পদ বিভাগ। 
 
আজ সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব হাঁস বিতরণ করা হয়। 

হাঁস বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুণ অর রশিদ খান হাসান, ভেটেরিনারি সার্জন মো. মেরাজ হোসেন মিসবাহ এবং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রকল্পের সিইএ মো. মাহমুদুল হাসান লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান বলেন, চরাঞ্চল ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে হাঁস বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা জানান, ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ১৬৪টি পরিবারের মধ্যে ১৫টি করে উন্নত জাতের হাঁস বিতরণ করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো চরাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।