বাসস
  ২২ জুন ২০২৬, ১৯:৪২

বাগেরহাটে বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদকবিরোধী প্রচারণা

ছবি: বাসস

বাগেরহাট, ২২ জুন, ২০২৬, (বাসস): বাল্যবিবাহ, শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারণা পরিচালিত হয়েছে।

আজ সোমবার বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নে এ প্রচারণা চালানো হয়েছে।

প্রচার কার্যক্রমের মাধ্যমে অভিভাবক, কিশোর-কিশোরী ও স্থানীয় জনগণের প্রতি শিশুদের শিক্ষা নিশ্চিত করা, শিশু শ্রম বন্ধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

প্রচারণায় তুলে ধরা হয় যে, একটি শিশুর হাতে বই থাকার কথা হলেও অনেক শিশু শ্রমে নিয়োজিত হচ্ছে, অনেক কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে এবং অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। একই সঙ্গে মাদকের কারণে যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।

এ সময় বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিবাহ সম্পাদন, সহায়তা বা অনুমোদনের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি শিশু শ্রমে নিয়োগ এবং মাদক সেবন, বহন, বিক্রয় ও প্রচারের সঙ্গে জড়িত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়।

প্রচারণায় সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোনো শিশুকে শ্রমে নিযুক্ত করা হবে না, বাল্যবিবাহ কঠোরভাবে প্রতিরোধ করা হবে, প্রতিটি শিশুর বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করা হবে এবং মাদককে ‘না’ বলে সচেতন সমাজ গড়ে তোলা হবে।

এছাড়া বাল্যবিবাহ, শিশু শ্রম বা মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি সহায়তা সেবা ৩৩৩, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন ১০৯ এবং শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এ বিনামূল্যে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডল বলেন, কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সচেতন ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।