শিরোনাম

রংপুর, ২২ জুন, ২০২৬ (বাসস): মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর নগরীর বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
অভিযানে রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের দায়ে বেসরকারি তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিক উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরাসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নিবন্ধন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে ল্যাব এইড ক্লিনিক এন্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহার করার অভিযোগে ফাস্ট কিওর স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে দুই লাখ টাকা এবং আমার দেশ হাসপাতালকে এক লাখ টাকা জরিমানাসহ বেশ কিছু হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারি হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ক্লিনিক-হাসপাতালে লাইসেন্স না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুরের গণমাধ্যম ও সচেতন নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সেবা নিশ্চিতে অধিদপ্তর থেকে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।