শিরোনাম

নওগাঁ, ২২ জুন, ২০২৬, (বাসস): জেলার বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা করার ঘটনায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছে টুরিস্ট পুলিশ।
আজ সোমবার আব্দুল মাবুত নামে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করে পুলিশ। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
টুরিস্ট পুলিশ আরও জানায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান ফজলুল করিম বাসসকে বলেন, এ ঘটনায় পাহাড়পুর বৌদ্ধবিহারের ব্যাপক সুনাম নষ্ট হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক নজরুল ইসলাম বাসসকে বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।