শিরোনাম

চট্টগ্রাম, ২২ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মামলা পরিচালনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অনলাইনে সংযুক্ত হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এস এফ (স্টেটমেন্ট অব ফ্যক্ট এবং লিখিত জবাব) লেখার কৌশল এবং করণীয়’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তৃতা করেন।
উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারের পক্ষে মামলার রায় আনয়নের ক্ষেত্রে কর্মকর্তাদের এ বিষয়ে জানা অত্যন্ত জরুরি। যথাযথ আইনী প্রক্রিয়া ও লিখিত জবাব লেখা না জানার কারনে যথেষ্ট গ্রাউন্ড থাকা সত্বেও সরকার অনেক সময় মামলায় হেরে যায়।
তিনি বলেন, সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে তা রক্ষণাবেক্ষণ ও সে সম্পত্তি রক্ষায় চলমান মামলাসমূহে নিজেকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সরকারি মামলাকে নিজের মামলা মনে করে আদালতে প্রতিদ্বন্ধিতা করতে হবে। তবেই মামলায় সরকার জয়ী হবে।
তথ্য সচিব বলেন, আইন মুখস্থ না থাকলেও চলবে, তবে সংশ্লিষ্ট আইনটি কোথায় আছে এবং তার বিষয়বস্তু কি সে সম্পর্কে কর্মকর্তাদের ওয়াকিবহাল থাকতে হবে।
পাশাপাশি সরকারি অফিসের জন্য বলবৎ অফিসিয়াল যেসব বিধি বিধান আছে সেগুলো সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। তবেই কর্মক্ষেত্রে কর্মকর্তারা আরো সফল হবেন।
এ প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে কর্মকর্তাগণ সরকারি সম্পত্তি রক্ষা এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে আরজি ও জবাব লিখন, সাক্ষ্য দান প্রভৃতি আরো ভালভাবে করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. শাহ আলম, যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, আইন কর্মকর্তা এবং জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজ।
প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন দপ্তর যথা- তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাগণ অংশ নেন।