শিরোনাম

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস): রোগীদের চিকিৎসা ব্যয় কমানো, বিজ্ঞান ভিত্তিক ও সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২৬৯ জন ফ্যাকাল্টি সদস্য ও সিনিয়র চিকিৎসককে ইভিডেন্স বেইসড মেডিসিন (ইবিএম) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ১০টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আজ সোমবার শহীদ ডা. মিল্টন হলে ১০ম ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম।
প্রশিক্ষণ কর্মশালায় পিকো ফ্রেমওয়ার্ক, দি ইমপরটেন্স অফ মেডিক্যাল অডিট, ক্লিনিক্যাল অডিট সাইকেল ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
উল্লেখ্য, প্রমাণভিত্তিক চিকিৎসার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে’ উদযাপন করা হয়েছে। এছাড়া বিএমইউ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘এভিডেন্স অ্যাম্বাসেডর’ খেতাবও অর্জন করেছে।